নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনে বৃদ্ধার আত্মহত্যা

নাটোরের লালপুর উপজেলার চক বাদেকুল গ্রামে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে রুমিয়া বেগম নামের ৬৫ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত এরশাদ সরদারের স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকাল নয়টার দিকে নিজ বসতঘরের সামনে ওই নারীকে অসুস্থ অবস্থায় বমি করতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিক কারণ জানতে চাইলে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের বিষয়টি স্বীকার করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লালপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
