শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ট্রলার-ইঞ্জিন জব্দ, গ্রেপ্তার ১

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পূর্ব কোদালপুর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ট্রলার ও তিনটি স্যালো ইঞ্জিন জব্দ করেছে পুলিশ। এ সময় লিটন প্রধান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে থানার একটি টহল দল মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব কোদালপুর চর্চা মৌজাস্থ মেঘনা নদীর শাখা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি পুরাতন স্টিলের তৈরি ইঞ্জিনচালিত ট্রলার এবং তিনটি স্যালো ইঞ্জিন জব্দ করা হয়। জব্দকৃত ট্রলারটি অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে লিটন প্রধান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালাচান ঢালীর কান্দি এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আমজাদ প্রধান এবং মাতা মাফিয়া খাতুন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৮৩/৪৩১/৩৪ ধারাসহ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় গোসাইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (৬ আগস্ট) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গোসাইরহাট থানা পুলিশ জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
