শ্রীমঙ্গলে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনা চত্বরে জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে শিশু ও নারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন এবং বিচারের দাবিতে নানা স্লোগান দেন। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
জুলাই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আইনের আওতায় এনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দ্রুত বিচারের রায় কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা এবং নিহতের পরিবারবর্গ।
