AdvertisementAdvertisement

বুমরাহ ছিটকে যাওয়ায় লঙ্কান সিরিজের দলে ডাক পেলেন পেসার আকিব নবী

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের ডানহাতি পেসার আকিব নবী। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া জসপ্রীত বুমরাহর বদলি হিসেবে জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ হলো ২৯ বছর বয়সী এই পেসারের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া বাম হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় বুমরাহর দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল, যা শেষ পর্যন্ত তাকে মাঠের বাইরেই রাখল।

গত দুই মৌসুমের রঞ্জি ট্রফিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে আকিব নবী নির্বাচকদের নজর কাড়েন। সব মিলিয়ে এই সময়ে তিনি শিকার করেছেন ১০৪ উইকেট। বিশেষ করে গত ২০২৫-২৬ মৌসুমে ৬০ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতানোয় তিনি রেখেছেন অগ্রণী ভূমিকা। ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়েও খেলেছেন তিনি। সেই সফরে দুই চার দিনের ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে ৬টি উইকেট, যার মধ্যে সিরিজের প্রথম ম্যাচে ৫৮ রানে ৪ উইকেট নিয়ে নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে বুমরাহর পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলমান। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষার মাধ্যমে শ্রীলঙ্কা সিরিজের জন্য বিবেচিত হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন ভারতের এই প্রধান পেসার। এর আগেও ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠের ইনজুরিতে পড়েছিলেন তিনি, যার ফলে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে মাত্র তিনটিতে অংশ নিতে পেরেছিলেন বুমরাহ। জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শুভমান গিলের নেতৃত্বে ভারত তাদের দল ঘোষণা করেছে, যেখানে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। এছাড়া ফিটনেস পরীক্ষার শর্তসাপেক্ষে দলের সঙ্গে যুক্ত থাকছেন সাই সুদর্শন। বুমরাহর মতো অভিজ্ঞ পেসারের অনুপস্থিতিতে তরুণ আকিব নবীর কাঁধে এখন নিজেকে প্রমাণ করার বড় চ্যালেঞ্জ।

0%
0%
0%
0%