AdvertisementAdvertisement

ঈদগাঁও স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস দিলেন রেলপথ প্রতিমন্ত্রী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, জনগুরুত্বপূর্ণ এই স্টেশনে যাত্রী সাধারণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হবে। একইসঙ্গে স্টেশনের আধুনিকায়ন এবং যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা জোরদারে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার দুপুরে স্টেশনটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এরপর কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীনকে সঙ্গে নিয়ে তিনি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

Advertisement
বিজ্ঞাপন

স্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও স্থানীয়দের সুবিধার্থে অন্যান্য সব লোকাল ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের লিখিত অনুরোধ ও আন্তরিক প্রচেষ্টার প্রেক্ষিতে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও আশ্বস্ত করেন যে, রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সমস্যাগুলো যথাযথ প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে। স্টেশনের সেবার মান বৃদ্ধি এবং যাত্রী নিরাপত্তার বিষয়ে যেকোনো যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%