ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
রোববার বিকেলে পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন নিজ বাসার ছাদ পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে ছাদের ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।