রামুর দক্ষিণ মিঠাছড়িতে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা আহত ৫

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে বন বিভাগের পাঁচ কর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অবৈধভাবে নির্মিত পানবরজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফেরার সময় এই হামলার শিকার হন তারা। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ দুজনের মাথা ফেটে গেছে এবং অপর তিনজনের হাত ভেঙে গেছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী জসিম উদ্দিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। জসিম উদ্দিন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে পরিচিত। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ভিন্নমত ও অস্পষ্টতা লক্ষ্য করা গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর দোষীদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দায়িত্ব পালনরত বনকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত বনকর্মীদের কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

0%
0%
0%
0%