সহকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে নারী সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগের বিবরণে জানা যায়, হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনী চলতি বছরের ৬ জুন বরগুনা জেনারেল হাসপাতালে যোগদানের পর থেকেই তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম তাকে নানা অযুহাতে নিজের অফিস কক্ষে ডেকে নিতেন। সেখানে তিনি অশালীন ইঙ্গিতসহ কুরুচিপূর্ণ কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে, যা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য। এছাড়া ১৩ জুলাই সকালে হোয়াটসঅ্যাপে কল করে ডা. লনীকে নিজের ডরমিটরিতে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষাপটে ডা. লুৎফুন্নাহার লনী গত ১৪ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগকারী দাবি করেছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরদিন ডা. রেজওয়ানুর আলম হাসপাতালের নার্স ও স্টাফদের সামনে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এর ফলে কর্মস্থলে চরম নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থার আবেদন জানান।

পরবর্তীতে ২১ জুলাই হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকদের উপস্থিতিতে এক বৈঠকের পর ডা. লনী অভিযোগ প্রত্যাহারের আবেদন করলেও পরদিন ২২ জুলাই তিনি পুনরায় স্বাস্থ্যসেবা বিভাগে নতুন আবেদন জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত ক্ষতির ভয় দেখিয়ে তাকে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হয়েছিল। তাকে মানসিক চাপ প্রয়োগের পাশাপাশি সাংবাদিকদের সামনে প্রকৃত ঘটনা আড়াল করতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

তবে সব অভিযোগ অস্বীকার করে ডা. মো. রেজওয়ানুর আলম দাবি করেছেন, হাসপাতালের কর্মঘণ্টায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অপরাধে ডা. লনীকে শোকজ করায় তিনি ক্ষুব্ধ হয়ে এই ষড়যন্ত্রমূলক অভিযোগ এনেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডা. রেজওয়ানুর আলমকে দশ কার্যদিবসের মধ্যে লিখিত জবাবসহ আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ডা. লুৎফুন্নাহার লনী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%