রাজশাহীতে পেট্রোল পাম্পে অনিয়ম: ২ লক্ষ টাকা জরিমানা

রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে জ্বালানি বিক্রিতে অনিয়ম, সঠিক মজুদের রেকর্ড না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পবার দারুশা করনাহারের মতিউর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত।
পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির সঠিক বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে এই পরিদর্শন চালানো হয়।
পরিদর্শন শুরুর পর পাম্পের কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা এবং বেশ কয়েকটি গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়।
অভিযোগে জানা যায়, পেট্রোল পাম্পটি গ্রাহকদের লেনদেনের পর প্রয়োজনীয় স্লিপ বা রশিদ সরবরাহ করেনি। এছাড়াও, তারা প্রয়োজনীয় মজুদের রেকর্ড হালনাগাদ করেনি।
মোবাইল কোর্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জ্বালানির প্রকৃত মজুদ যাচাই বা পরীক্ষা করতে পারেনি।
এই সকল অপরাধ বিবেচনা করে পেট্রোল পাম্পটিকে উপরোক্ত জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে নিয়মিত পরিদর্শক, র্যাব-৫ এর সদস্য এবং ট্যাগ কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাসস