সাড়ে ৫ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে এমপি মজিবর রহমান সরোয়ার কৃষকদের চরম ভোগান্তি

বরিশাল সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথির দীর্ঘ অনুপস্থিতিতে চরম ভোগান্তির শিকার হয়েছেন প্রান্তিক কৃষকরা। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের এই অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উপস্থিত হন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বিজ্ঞাপন

সকাল ৯টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথির বিলম্বিত আগমনের কারণে সকাল ৮টা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় চারশ কৃষক সেখানে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও প্রধান অতিথি না আসায় দুপুর গড়ানোর আগেই অনেক কৃষক তাদের দিনের কাজ নষ্ট হওয়ার আশঙ্কায় অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। শেষ পর্যন্ত দুপুর ২টা ৪৬ মিনিটে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

দীর্ঘ অপেক্ষার প্রহর গোনা কৃষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, দিনমজুরের কাজ ফেলে সরকারি সহায়তার আশায় এসে তাদের পুরো কর্মদিবস নষ্ট হয়েছে। চরবাড়িয়া ইউনিয়নের সেকান্দার আকন, বাবুল আকনসহ ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন যে, আগাম ঘোষণা ছাড়াই এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা অমানবিক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষি কর্মকর্তা স্বীকার করেছেন যে, কৃষকদের বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।

উল্লেখ্য যে, গত কয়েকদিনে বিভিন্ন অনুষ্ঠানে সংসদ সদস্যের নির্ধারিত সময়ের অনেক পরে উপস্থিত হওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%