ঝালকাঠিতে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা খালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে স্থানীয় নদ-নদীতে মাছের অভয়াশ্রম রক্ষা ও অবৈধ জাল নির্মূলে গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এ অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় এ সময় নৌ পুলিশের একটি দল তাদের সার্বিক সহযোগিতা প্রদান করে।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, অভিযানে বাসন্ডা খাল থেকে চার হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের দুটি ‘বাঁধা জাল’ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অভিযান শেষে জব্দকৃত জালগুলো ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এবং ক্ষতিকর জালের ব্যবহার পুরোপুরি বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%