সিলেটে অবৈধ হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় পরিবেশ দূষণ রোধ ও ট্রাফিক আইন বাস্তবায়নে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতে ১১ জন চালক ও যানবাহনের মালিককে জরিমানা করা হয়েছে। উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাব-৯ এবং সিলেট পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে নির্ধারিত মাত্রার চেয়ে অধিক শব্দ উৎপন্নকারী হর্ন ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অমান্য করে নিষিদ্ধ হর্ন ব্যবহারের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে অনেক চালক ও মালিক তাদের যানবাহনের প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। পরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী অভিযুক্তদের এই জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।