কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ছিনতাই

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের প্রাণকেন্দ্র সাউদপাড়ার মতির মোড় এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলায় আনিসুল হক টিপু নামের এক বিকাশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে ঘটা এই ঘটনায় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন টিপু। পথিমধ্যে সাউদপাড়া মতির মোড় এলাকায় পৌঁছালে তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী দল তার গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এই সুযোগে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোনগুলো নিয়ে সটকে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী আনিসুল হক টিপু জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলোতে বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং এবং ফ্লেক্সিলোডের কয়েক লাখ টাকার লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এই ছিনতাইয়ের ঘটনায় তিনি কেবল আর্থিকভাবেই বিপর্যস্ত হননি, বরং পেশাগতভাবেও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। পৌর শহরের ব্যস্ততম এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় এলাকায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%