চুয়াডাঙ্গার উথলী স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ও রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় যাত্রী ও এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়। উথলী স্টেশনটি জীবননগর উপজেলার একমাত্র সচল রেলস্টেশন হওয়ায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী এখান থেকে যাতায়াত করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি স্টেশনটিতে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ সম্পন্ন হওয়ায় যাত্রীসেবার পরিধি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘসময় ধরে ঢাকা ও রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ গন্তব্যের ট্রেন না থামায় স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীদের বাধ্য হয়ে দূরবর্তী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে, যা তাদের সময় ও অর্থ উভয়ই অপচয় করছে।

বিক্ষোভ শেষে এলাকাবাসী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানানো হয়েছে, যা বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের লক্ষাধিক মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। এ দাবির অনুলিপি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, মেজবাহ উদ্দিন জাহিদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আরিফুল ইসলাম, হাসানুজ্জামান, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম ঝন্টু ও আরমান আলীসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%