বেলুচিস্তান বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাসের হার ৮৯ শতাংশ শীর্ষে আয়েশা খান

পাকিস্তানের বেলুচিস্তান ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড সোমবার ২০২৬ সালের বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে গড় পাসের হার ৮৯ শতাংশ। ফলাফলে কয়েটার ইসলামিয়া গার্লস কলেজের মেধাবী শিক্ষার্থী আয়েশা খান ১ হাজার ৬৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বোর্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ৯৯ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৮৮ হাজার ৯৪৪ জন উত্তীর্ণ হয়েছেন। সামগ্রিক ফলাফলে শিক্ষার্থীদের এমন সাফল্যে বেলুচিস্তানের শিক্ষাঙ্গনজুড়ে সন্তুষ্টির চিত্র ফুটে উঠেছে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কৃতকার্য শিক্ষার্থী ও শীর্ষ স্থান অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছে।
মেধাতালিকার শীর্ষে থাকা আয়েশা খানের পরেই লোরালাইয়ের বিআরসি কলেজের শিক্ষার্থী রাসাড খান ১ হাজার ৬৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন কয়েটার ইসলামিয়া গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া, যিনি ১ হাজার ৬১ নম্বর পেয়েছেন।
পরীক্ষার পরিসংখ্যানে দেখা যায়, দ্বাদশ শ্রেণিতে ৫৩ হাজার ৫৯০ জন এবং একাদশ শ্রেণিতে ৪৬ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে দ্বাদশ শ্রেণিতে পাসের হার ৯১.৫ শতাংশ, যেখানে ৪৯ হাজার ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, একাদশ শ্রেণিতে ৩৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী সফল হয়েছেন, যার হার ৮৬.১ শতাংশ।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ