নেত্রকোণার পূর্বধলায় কৃষক দল নেতাকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া বাজারে মাছ ব্যবসায়ী ও কৃষক দল নেতা ইদ্রিস আলীকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ জুলাই রাতে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের এই সভাপতির ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ইদ্রিস আলী ঘটনার পরদিন সাতজনকে অভিযুক্ত করে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে মাছ বিক্রি শেষে ১৯ হাজার ৫১০ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইদ্রিস আলী। সাধুপাড়া বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা হামলাকারীরা তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাকে গুরুতর জখম করে মাছ বিক্রির নগদ টাকা এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী ইদ্রিস আলীর ভাষ্যমতে, পূর্বশত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অভিযোগে মোশারফ হোসেন, মাজেদ আলী ও সাগরসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্ত সাগর এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, ব্যক্তিগত বিরোধের জেরে তাকে ও অন্যদের ফাঁসানোর জন্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

হোগলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কামাল ফকির এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%