হাটহাজারীতে চা দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকায় মাহবুব মাস্টারের বাড়ি থেকে রিপন নামে এক চা দোকানি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। নিহত ২৪ বছর বয়সী রিপনের বাড়ি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকায় এবং তিনি স্থানীয় একটি চায়ের দোকানে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো কাজ শেষে রিপন নিজ বাসায় ফিরে যান। সোমবার সকালে বাড়ির মালিক ভাড়ার বিষয়ে কথা বলতে এসে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পাওয়ায় দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচন ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
