চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশার অনাকাঙ্ক্ষিত ধাক্কায় হাফসা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বিকেলে বাজারের একটি দোকানে বসে থাকার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে এবং স্থানীয় চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে হাফসা তার বাবার দোকানের ভেতরে অবস্থান করছিল। এ সময় দোকানের সামনে রাখা একটি অটোরিকশার চালক চাবি অন অবস্থায় গাড়িটি রেখেই অন্যত্র সরে যান। অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে নিয়ন্ত্রণহীন যানটি সজোরে দোকানে ঢুকে পড়ে। এতে হাফসা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতরভাবে জখম হয়।

পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার দিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিকশাচালক গাড়ি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এই মর্মান্তিক মৃত্যুতে চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%