ভাঙ্গুড়ায় দুই লাখ ৬০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চলনবিল অধ্যুষিত বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকার বিভিন্ন বিলে এই বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। উদ্ধারকৃত অবৈধ জালগুলো পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মৎস্য নিধনকারী এই জালগুলোর ব্যবহার রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, চলনবিল অধ্যুষিত এই জনপদে এক সময় প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় মৎস্যসম্পদ এবং জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

0%
0%
0%
0%