নরসিংদীতে ডাকাতির বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি আহত এক

নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে গভীর রাতে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে হানা দিয়ে সশস্ত্র ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মধ্যরাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল মিলন ভূঁইয়ার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এ সময় মিলন ভূঁইয়া বিষয়টি বুঝতে পেরে তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোন করে দ্রুত সহায়তার আহ্বান জানান। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান ভূঁইয়া এবং তাদের চাচা সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলের দিকে ছুটে যান।

বাড়িটির বাইরে ওত পেতে থাকা ডাকাতরা শাহজাহান ভূঁইয়া ও সুরুজ ভূঁইয়ার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এলোপাথাড়ি কোপের আঘাতে ঘটনাস্থলেই শাহজাহান ভূঁইয়া প্রাণ হারান এবং সুরুজ ভূঁইয়া গুরুতর রক্তাক্ত জখম হন। প্রায় ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালানোর পর ডাকাতদল লুণ্ঠিত মালামাল নিয়ে এলাকা ত্যাগ করে।

ডাকাতরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা আহত সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নৃশংস ঘটনায় স্থানীয়রা শোকস্তব্ধ এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%