চকরিয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি জানান, সরকার বন্যাকবলিত জনসাধারণের পাশে রয়েছে এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের যেসব অঞ্চল বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। জরিপ সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিধ্বস্ত অবকাঠামো পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও সমন্বিতভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এই পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
