ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের আশ্বাস ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, ঝালকাঠি জেলার সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার ৮০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনায় নলছিটি উপজেলাকে বিশেষ অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, নলছিটি ও ঝালকাঠি সদরের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সুগন্ধা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. হায়দার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। বরং উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং এভাবেই তারা সব প্রতিকূলতার জবাব দিতে চায়।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।