AdvertisementAdvertisement

সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাদিম হোসেন (২৭) বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ভাগ্যের অন্বেষণে মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাদিম। তিনি আল-কাসিম অঞ্চলের একটি খেজুর প্যাকেজিং কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় কারখানাটির প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করলে অসাবধানতাবশত সহকর্মীরা মেশিনটি চালু করে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement
বিজ্ঞাপন

এ ঘটনায় সৌদি পুলিশ কারখানা পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন কর্মীকে আটক করেছে। তবে নিহতের বাবা সামাদ মিয়া এটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তিনি অভিযোগ করেছেন যে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিহতের পরিবার দ্রুত নাদিমের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছে। এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানিয়েছেন, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের সরকারি ব্যবস্থাপনায় দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%