সুনামগঞ্জে রাতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন

সুনামগঞ্জ জেলা প্রশাসন রাতে বালু উত্তোলন ও পরিবহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান। জননিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের বাইরে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জেলা প্রশাসকের আগাম অনুমতি ছাড়া রাতের বেলায় কোনোভাবেই বালু বা মাটি তোলা যাবে না। এছাড়া বালু বা মাটি পরিবহনের জন্য কোনো ধরনের অননুমোদিত যানবাহন ব্যবহার করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই নির্দেশনা অমান্য করলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলন রোধে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন।