আটোয়ারীতে সাত কেজি কষ্টিপাথরসহ আটক দুই, বিজিবির অভিযান সফল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকা থেকে সাত কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও বর্ষালুপাড়া বিওপির একটি যৌথ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিন (৪০)। অভিযানে উদ্ধার হওয়া কষ্টিপাথরটির আনুমানিক বাজারমূল্য সাত লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ডও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য আট লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

অভিযান পরিচালনাকারী ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকা জরুরি। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। উদ্ধারকৃত কষ্টিপাথর ও জব্দ করা মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%