মহেশখালীতে পুলিশকে পিটিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ জড়িতরা পলাতক

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় এক পলাতক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবপাচারসহ একাধিক মামলার আসামি কাশেমকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে নিয়ে পালিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে আসামি কাশেমকে আটকের পর তাকে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ সময় ৪০ থেকে ৫০ জনের একটি দল আকস্মিকভাবে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিউল আলমের নেতৃত্বে হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোলতান জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও সরকারি হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশি অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
