নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা খাতে ক্রমান্বয়ে জিডিপির ৪ শতাংশের বেশি বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্ধিত জনসংখ্যাকে বোঝা না ভেবে জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য।
মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিরসনে মাদ্রাসাগুলোতে কারিগরি শিক্ষার সমন্বয় করা হচ্ছে। এছাড়া আগামী দিনে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে—যেমন বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান—উভয় ধারার শিক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চশিক্ষার প্রসারে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি বগুড়া ইউনিভার্সিটি বিল পাস হয়েছে, যেখানে ইউরোপ ও আমেরিকার আদলে আধুনিক ও নতুন সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। নোয়াখালীতেও অনুরূপ একটি অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষা প্রশাসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষকের পদের মধ্যে ৩২ হাজার পদোন্নতি বর্তমানে আইনি জটিলতায় আটকে আছে। তবে বিষয়টি আদালতের নজরে রয়েছে এবং আগামী ২ জুলাই নাগাদ এর একটি সন্তোষজনক সমাধান পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।