বিএসএফের পুশইনের শিকার চার ভারতীয় নাগরিকের নিজ দেশে প্রত্যাবর্তন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে অবশেষে নিজ দেশে ফিরে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক। বুধবার দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। ফিরে যাওয়া ব্যক্তিরা হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধৃতরা গ্রামের বাসিন্দা দানিস শেখ, সুইটি বিবি, কুরবান শেখ ও ইমাম দেওয়ান।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে তাদের নিজ দেশে ফেরা নিশ্চিত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দুই শিশুসহ মোট ছয়জন ভারতীয় নাগরিককে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। এরপর দেশের বিভিন্ন এলাকায় আশ্রয়হীন অবস্থায় ঘোরার সময় চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাবন্দি থাকা অবস্থায় কলকাতা হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্ট তাদের নাগরিকত্বের প্রমাণ সাপেক্ষে ফেরত আনার নির্দেশনা প্রদান করেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী মানবিক বিবেচনায় তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আদেশ দেন। এর আগে গত ডিসেম্বর মাসে একই পরিবারের অন্য দুই সদস্যকে ভারত ফেরত নিলেও বাকি চারজনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছিল।

মুক্তির পর থেকে ওই চারজন চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়গোলা এলাকার বাসিন্দা ও তাদের নিকটাত্মীয় ফারুক হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। দেশে ফেরার মুহূর্তে বিএসএফের অমানবিক আচরণের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তারা বাংলাদেশের জনগণ ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম জানিয়েছেন, দাপ্তরিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%