ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ এলাকায় আতঙ্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটনের বসতঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী লিটন জানান, রাত ৮টা ১৬ মিনিটের দিকে তিনি ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বাইরের দিক থেকে লক্ষ্যভেদী গুলিবর্ষণের শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের সংখ্যা বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ গুলির আওয়াজে ডলু পাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।