AdvertisementAdvertisement

নাজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় গ্রামীণ জনপদের সামগ্রিক উন্নয়নের ওপর আলোকপাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পল্লী উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সমন্বয়ে গ্রামীণ অর্থনীতিকে বেগবান করাই এর মূল লক্ষ্য। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Advertisement
বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন যে, সমবায় ও ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি সচল করার লক্ষ্যে উপকারভোগী শিক্ষার্থী ও ঋণগ্রহীতাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পল্লী উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় গ্রামীণ জনপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%