রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুইজন গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে কোতোয়ালী থানার একটি বিশেষ টিম শহরের কোর্ট বিল্ডিং এলাকার কসমস রেস্টুরেন্ট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের রাঙ্গামাটি কোতোয়ালী থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে।
গ্রেফতারের বিষয়ে জানতে রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।