বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এখন থেকে দেশের প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। তথ্যগুলো কম্পিউটারে আপলোডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে বলে এতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না এবং কাউকে কার্ড পাওয়ার জন্য সশরীরে কোথাও ধর্না দিতে হবে না।
শনিবার রংপুর সফরকালে বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি সরকার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জনগণ ও সংসদের কাছে প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীত সরকারের আমলে জবাবদিহিতার অভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা নিরসনে বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।
শিক্ষা ও প্রতিবন্ধী সেবার বিষয়ে মন্ত্রী জানান, সারা দেশে ১ হাজার ৭০০টি প্রতিষ্ঠান মানোন্নয়নের আওতায় আনা হয়েছে। প্রতিটি জেলায় মানসম্মত প্রতিবন্ধী স্কুল এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি করে স্কুল স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রশিক্ষিত শিক্ষকের সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, কারণ বর্তমানে দেশে বিশেষায়িত শিক্ষক তৈরির জন্য মাত্র একটি কলেজ রয়েছে।
পরিদর্শনকালে সমাজসেবা অধিদপ্তরের একটি কক্ষের অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি দায়িত্বরত কর্মকর্তাদের কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা যত বেশি মানুষের পাশে দাঁড়াবেন, সরকার তত বেশি তাদের সহায়তা প্রদান করবে; তাই সমস্যার কথা লুকিয়ে না রেখে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
সফরকালে অতীতের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে মন্ত্রী দাবি করেন, অতীতে ভোটার উপস্থিতি ছাড়াই ‘ডামি নির্বাচন’ হওয়ায় জনপ্রতিনিধিদের জবাবদিহিতা কমে গিয়েছিল। বর্তমান বাজেটে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাস্তবায়নে স্থানীয় কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সফরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।