মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজনকে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে সীমান্ত শূন্যরেখার ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়। এ সময় বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে বিএসএফ ওই তিনজনকে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। ভোরে তাদের শূন্যরেখায় অবস্থান করতে দেখে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠেন। সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বিএসএফ ওই দুই পুরুষ ও এক নারীকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এদিকে, একই সময়ে জেলার কাজীপুর-শেওড়াতলা সীমান্ত দিয়ে আরও দুই ব্যক্তিকে একইভাবে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় বিজিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। একের পর এক এমন অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সেইসঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তারা।