এক মাস পর রাঙ্গামাটিতে ফিরছেন সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান

পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনি এলাকা রাঙ্গামাটিতে ফিরছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আগামী বুধবার তিনি রাঙ্গামাটিতে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন।
দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার পর নিজ জেলায় ফিরছেন বিধায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, প্রিয় নেতাকে বরণ করে নিতে কাউখালী উপজেলার ঘাগড়া থেকে রাঙ্গামাটি পর্যন্ত বিশাল মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রাঙ্গামাটিতে পৌঁছানোর পর দীপেন দেওয়ান জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া জেলায় অবস্থানকালে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন দীপেন দেওয়ান। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র তিন মাসের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। পদত্যাগের পরবর্তী সময়ে ঢাকায় নিজের বাসভবনে অবস্থান করলেও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি নিয়মিত অংশ নিয়েছেন।