জামিনে কারামুক্ত বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু

বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ও চিকিৎসক সামির হোসেন মিশু। সোমবার দুপুর ১২টার দিকে কারা ফটক থেকে বেরিয়ে আসেন তিনি। এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসক বর্তমানে বাগেরহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে কর্মরত রয়েছেন।
এর আগে রোববার বিকেলে বগুড়ার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে শুনানি শেষে বিচারক জামিন প্রদান করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তিনি কারামুক্ত হন।
ডা. সামির হোসেন মিশুর বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। পেশাগত জীবনের পাশাপাশি তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
