রাউজানে গাছ নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হামলায় মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার জানিপাথর বাজারে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা ঘটে। দীর্ঘ চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সাজিনাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আব্দুল মান্নান জানিপাথর এলাকার পূর্ব টিলার মো. কবির আহম্মদের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ঘটনার দিন গাছ নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত মো. শাহজাহান হঠাৎ একটি গাছের গুঁড়ি দিয়ে মান্নানের মাথায় আঘাত করেন। হামলার পর অভিযুক্ত শাহজাহান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে নগরীর সাজিনাজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত কাজ শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
