জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলেন মনোহরগঞ্জের ৬৫ শিক্ষার্থী

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ লাভ করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সেলফি তোলেন, যা শিক্ষার্থীদের জন্য ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে এলডি হল ঘুরে দেখেন। এছাড়া বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন তারা। পরিদর্শনকালে শিক্ষার্থীরা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করার সুযোগ পান।
সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবনে আয়োজিত ব্রিফিং সেশনে তারা এই ভবনের ইতিহাস ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এছাড়া জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম।
অনুষ্ঠানের বক্তারা বলেন, জাতীয় সংসদ ভবন কেবল একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। নতুন প্রজন্মকে রাষ্ট্র পরিচালনা ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিতে এ ধরনের শিক্ষা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষার্থীরা জানায়, পাঠ্যপুস্তক ও টেলিভিশনে দেখা সংসদ ভবন বাস্তবে দেখার অভিজ্ঞতা তাদের আজীবন মনে থাকবে। এই সফর তাদের মধ্যে দেশ ও রাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। সফর শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন।