নীলফামারীতে জাল ডলার ও লটারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রিমান্ড মঞ্জুর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ জাল ডলার, থাই লটারির কার্ড ও জালিয়াতির সরঞ্জামসহ ভিসা প্রতারক চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রবিবার আদালতে দুই দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদখানা ইউনিয়নের কাঠগাড়ি পণ্ডিতপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, নুরুন্নবী ইসলাম ওরফে পঁচা, মো. লাবু ইসলাম, মামুন ইসলাম এবং বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের সজিব মিয়া। ডিবি পুলিশ জানায়, চক্রটি পণ্ডিতপাড়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করে ভিডিও কলের মাধ্যমে সাধারণ মানুষকে কানাডিয়ান ডলার দেখাত। এরপর অনলাইনে ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা ও জালিয়াতি করে আসছিল।

অভিযানকালে চক্রটির কাছ থেকে ২০২টি কানাডিয়ান জাল ডলারের দুটি বান্ডিল এবং ১৬০টি জাল থাই লটারি কার্ড জব্দ করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ১০টি স্মার্টফোনও উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ডলার ও লটারি তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন ও তিনটি স্মার্টফোন জব্দ করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা ও স্থানীয় থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশজুড়ে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা চক্রটির অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয় সচেতন মহল।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%