বগুড়ায় প্রতারণার শিকার ১০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ১০ জন শিক্ষার্থী প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার পরীক্ষা শুরুর সকালে কেন্দ্রে এসে প্রবেশপত্র না পেয়ে দিশেহারা শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনায় কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। মানবিক বিভাগের ওই ১০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে তিনি চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন। গত ২৪ জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হলেও অভিযুক্ত ওই শিক্ষার্থীদের জানানো হয়, বিলম্বে ফরম পূরণের কারণে তাদের কাগজপত্র পেতে দেরি হবে।
পরীক্ষা শুরুর আগের দিন বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও কোনো কাগজপত্র না পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বাড়ি ফিরে যান। এরপর থেকেই অভিযুক্ত কম্পিউটার অপারেটরের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি আত্মগোপনে রয়েছেন। শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ায় ভুক্তভোগী পরিবার ও শিক্ষার্থীরা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
কলেজের অধ্যক্ষ মতিউর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় স্থানীয়রাসহ ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযুক্ত ওই কম্পিউটার অপারেটরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।