AdvertisementAdvertisement

রাজশাহীতে পুলিশের অভিযান এড়িয়ে অনুসারীদের সহায়তায় উদ্ধার স্বেচ্ছাসেবক দল নেতা তারেক

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার নিউ মার্কেট এলাকায় পুলিশের অভিযান চলাকালে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক মীর তারেককে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে আহত হন মীর তারেক।

ঘটনার সূত্রপাত হয় রাত পৌনে ১১টার দিকে, যখন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাসের বাসায় অবস্থান করছিলেন মীর তারেক। পুলিশের গোয়েন্দা শাখা ও পরে ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরা ছয়তলা ভবনটি ঘিরে ফেললে মীর তারেক ফেসবুক লাইভে এসে নেতাকর্মীদের ঘটনাস্থলে জড়ো হওয়ার আহ্বান জানান। মুহূর্তের মধ্যে বিপুলসংখ্যক কর্মী ভবনের সামনে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

Advertisement
বিজ্ঞাপন

রাত ১২টা ৫৫ মিনিটের দিকে পুলিশ হঠাৎ ঘটনাস্থল থেকে সরে যায়। এরপর রাত ১টা ১২ মিনিটের দিকে প্রায় একশ মোটরসাইকেলের একটি বহর নিয়ে তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের তালা ভেঙে আহত মীর তারেক ও তার সঙ্গীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধার কার্যক্রমের সময় গণমাধ্যমকর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করা হয়।

এর আগে গত ২১ জুন শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি মীর তারেক। এছাড়া তিনি একটি হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান দাবি করেছেন, পুলিশ মীর তারেককে গ্রেপ্তার করতে সেখানে যায়নি; বরং অন্য এক আসামিকে ধরার লক্ষ্যে চালানো অভিযানটি ভুল বোঝাবুঝির কারণে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর থেকে মীর তারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, একজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে প্রকাশ্যে এভাবে উদ্ধার করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় জননিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখার স্বার্থে সচেতন মহল জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%