ভিটামিন খাওয়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেশ ভাটার সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে শিশু স্বর্ণসহ মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।