মুন্সিগঞ্জে প্রীতি ম্যাচে অংশ নিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বাংলাদেশের বিশ্বকাপে খেলার আশাবাদ ব্যক্ত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় শুক্রবার বিকেলে এক বর্ণিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার উপস্থিতিতে আয়োজিত এই ম্যাচটি ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খেলা শেষে রাষ্ট্রদূত বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও অকৃত্রিম ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে আয়োজিত এই ব্যতিক্রমী ম্যাচে আটজন করে খেলোয়াড় নিয়ে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি দলের নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অপর দলটির নেতৃত্বে ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। টানটান উত্তেজনার এই ২০ মিনিটের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-৩ সমতায় খেলা অমীমাংসিত থেকে যায়।
রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সমর্থক শিমুলিয়া ঘাটে সমবেত হন। প্রিয় দলের প্রতিনিধিকে কাছে পেয়ে এবং তাঁর সঙ্গে একই মাঠে ফুটবল খেলার সুযোগ পেয়ে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। খেলা শেষে রাষ্ট্রদূত ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মনোরম পরিবেশ ও পদ্মা সেতুর আশপাশ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুর আলী ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমন আয়োজন দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আয়োজক ও অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন।