কুমিল্লার লালমাইয়ে মোবাইল ফোনে ডেকে যুবককে গলাকেটে হত্যা একজন আটক

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে বাহার (৩০) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ঘটা এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বাহার ওই এলাকার বাসিন্দা রশিদ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশি রাসেলের স্ত্রী ঝুমু মুঠোফোনে বাহারকে ডেকে নেন। বাহার ঘটনাস্থলে পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। কিছু সময় পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লালমাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে একজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদঘাটনে ঘটনার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়রা এবং নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
