AdvertisementAdvertisement

সাতকানিয়ায় প্রবাসী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মুন্সী মাঝির পাড়ায় জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী এবং এক বছর বয়সী এক কন্যাসন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শাশুড়ির সঙ্গে নাস্তা সেরে নয়ন নিজের কক্ষে চলে যান। পরবর্তীতে শাশুড়ি বাড়ির পাশের ক্ষেতে সবজি তুলতে গেলে প্রতিবেশীরা ঘরের ভেতর শিশুটির অস্বাভাবিক কান্নার শব্দ শুনতে পান। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে শাশুড়ি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ ঝুলতে দেখা যায়।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূ এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উন্মোচন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%