মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ পিকআপ চালক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার দুপুরে জগদীশপুর বেলঘর বাসস্ট্যান্ড সেতুর ওপর স্থাপিত চেকপোস্টে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন রংপুর জেলার আলোয়াকরি গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা মাধবপুরের দিকে আনা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ২০ মিনিটে জগদীশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর ব্যর্থ চেষ্টা চালান।

পিকআপটি জব্দ করে তল্লাশি চালানোর সময় এর পেছনে থাকা পাঁচটি বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%