টাঙ্গাইলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

ঈদুল আজহার রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলে উৎসবের আমেজে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মোবাইল আসক্তির অন্ধকার জগত থেকে বের করে এনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল জাতি গঠনে মাঠের খেলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত বহুমুখী উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করা হবে। তবে ফুটবলের মতো জনপ্রিয় খেলাকে শহর থেকে গ্রামে ছড়িয়ে দিতে স্থানীয় ক্রীড়ানুরাগী ও সর্বস্তরের জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। উদ্বোধনী ম্যাচ শুরুর আগে প্রতিমন্ত্রী মাঠে উপস্থিত হয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুল হক প্রিন্স, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। এছাড়াও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো ফুটবলপ্রেমী দর্শক উদ্বোধনী আয়োজন উপভোগ করেন।

বিজ্ঞাপন
40%
40%
20%
0%