মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশবিরোধী ষড়যন্ত্র এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জিসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সেবায় যথাযথ ভূমিকা পালন করছেন না। মেহেরপুরের মতো কৃষিপ্রধান অঞ্চলে সার ও উন্নত বীজের চাহিদা থাকলেও সংশ্লিষ্টরা তা গুরুত্ব দিচ্ছেন না। এছাড়া সরকারিভাবে বরাদ্দকৃত কোটি টাকার পেঁয়াজ বীজের সঠিক বণ্টন নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশ রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। প্রতিটি নির্বাচনে জয়লাভের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সময়ের দাবি বলে তারা মন্তব্য করেন।