ফেনীতে জেলি পুশ করা ৮০ কেজি চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফেনী সদর পৌর মৎস্য আড়তে ওজন বাড়াতে চিংড়ি মাছে জেলি পুশ করার অপরাধে ‘বাংলাদেশ ফিশিং’ নামক একটি মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে আড়তটি থেকে প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১ ধারা অনুযায়ী অসাধু ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়েছে। জব্দকৃত ভেজাল চিংড়িগুলো পরে জনসমক্ষে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী মাছের ওজন বৃদ্ধি ও গ্রেড পরিবর্তনের মাধ্যমে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
জেলি পুশ করা চিংড়ি খাওয়ার স্বাস্থ্যঝুঁকি এবং প্রতারণার নেতিবাচক দিক সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
