ধর্ম অবমাননার অভিযোগে ছাগলনাইয়ায় যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাস নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, পশ্চিম ছাগলনাইয়ার বাসিন্দা প্রিতিলাল দাসের পুত্র সৃজন দাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বক্তারা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে, যখন সৃজন দাসের আপত্তিকর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তোপের মুখে সৃজন দাস ফেসবুক লাইভে এসে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করলেও স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সমাবেশ থেকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত জনতা। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
