মাধবপুরে বালুর ট্রাকে লুকিয়ে আনা ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বালুভর্তি ড্রাম ট্রাকের ভেতর থেকে ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় বিজিবির আভিযানিক দল সন্দেহভাজন একটি ড্রাম ট্রাককে থামানোর সংকেত দেয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা অবৈধ পণ্যগুলো উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্যমতে, জব্দকৃত ফুসকার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
৫৫ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ পণ্যগুলো যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।